বিদ্যুৎ চুরি রোধ ও সিস্টেম লস কমাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গভীর রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। সাম্প্রতিক সময়ে বিদ্যুতের অবৈধ ব্যবহার বৃদ্ধির অভিযোগ পেয়ে এই আকস্মিক অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে এলাকার বিভিন্ন স্থানে অটোরিকশার গ্যারেজে মিটার ছাড়াই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার সত্যতা পাওয়া যায়। অতিরিক্ত লোড ব্যবহার এবং সরাসরি লাইন থেকে বিদ্যুৎ চুরির অপরাধে মোট ছয়টি অটোরিকশার গ্যারেজের মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে একটি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সচেতন মহল মনে করছে, কার্যকর এই পদক্ষেপের ফলে এলাকায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ডিপিডিসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ খাতের শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক