মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সাভারে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে সাভার বাসস্ট্যান্ডে, পাখিজার মোড় ও রেডিও কলোনি ও স্মরণীকা এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা এলাকা অবরোধ করা হয়। পরে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এসে বাধা দেয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীরা সাভারের বাজার রোডের মাথায়, স্মরণিকা ও রেড়িও কলোনি এলাকায় অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য গুলি করে পুলিশ। এতে অন্তত ৫ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) নয়ন কারকুন বলেন, সাভারে কয়েকটি পয়েন্টে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশ সরে এলেই আন্দোলনকারীরা সড়কে এসে অবরোধ করছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার ‌‌‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD