সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে নিহতের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই পুরো এলাকজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে জোরালো বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকসহ অন্যান্য শিক্ষক ও বিশিষ্টজনেরা। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, ক্যাম্পাসের আশেপাশে নিরাপত্তার অবনতির কারণেই আজ এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ রয়েছে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছিল বলে সচেতন মহল মনে করে। বর্তমান পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা রক্ষায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে বক্তারা মন্তব্য করেন।
প্রতিবাদ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে জাকারিয়া খান হত্যার বিচার দাবি করেন এবং খুব দ্রুত আসামিদের গ্রেফতারে আল্টিমেটাম দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামীতে তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক