সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিজয় সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এবং তাদের সাথে বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
দিগরাজ নৌঘাঁটি জেটিতে নোঙর করে রাখা এই যুদ্ধজাহাজটি দেখার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় পেশাজীবীসহ সর্বস্তরের সাধারণ মানুষ ভিড় করেন। শনিবার পর্যন্ত জাহাজটি প্রতিদিন নির্দিষ্ট সময়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় সাধারণ নাগরিকরা আধুনিক যুদ্ধজাহাজের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এবং নৌবাহিনীর আধুনিকায়ন ও অপারেশনাল সক্ষমতা সম্পর্কে তাদের অবহিত করতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সংশ্লিষ্টরা সাংবাদিকদের জানিয়েছেন।
আরববাংলা টিভি