সম্পত্তি হস্তান্তর আইনকে কোরআন ও সুন্নাহর সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক দাবি করে এই আইন অনুমোদন না দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ও ইসলামপ্রিয় জনতা এমন কোনো আইন কখনো মেনে নেবে না যা ধর্মীয় অনুশাসনের পরিপন্থী।
একই সঙ্গে আইনটি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের কাছে পর্যালোচনার জন্য পাঠানোর দাবি জানান তিনি। দেশের বিশিষ্ট আলেম সমাজ এই আইনটির বিভিন্ন ধারার তীব্র সমালোচনা করেছেন এবং একবাক্যে একে কোরআন-সুন্নাহবিরোধী বলে মত দিয়েছেন বলে জানান জামায়াতে ইসলামীর আমির।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন যেকোনো বিতর্কিত সিদ্ধান্ত থেকে নীতিনির্ধারকদের দূরে থাকা উচিত। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের বহু কালাকানুন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যার বিরুদ্ধে দেশের তৌহিদী জনতা সর্বদা সোচ্চার ছিল।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ডা. শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং আলেম সমাজের মতামতকে গুরুত্ব দিয়ে এই বিতর্কিত সম্পত্তি হস্তান্তর আইনের অনুমোদন দেওয়া থেকে বিরত থাকবেন।
আরববাংলা টিভি/ডেস্ক