সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চলে পরিবেশ ও নদী রক্ষা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোকছেদ গাজী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কার্যক্রমে ব্যবহৃত বালুভর্তি একটি বোটও জব্দ করা হয়েছে। রোববার বিকেলে গাবুরা ইউনিয়নের চকবারা এলাকায় খোলপেটুয়া নদীতে এই আকস্মিক অভিযান পরিচালিত হয়।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে একটি চক্র দীর্ঘদিন ধরে নদী ভাঙন ও পরিবেশের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে সংলগ্ন বেড়িবাঁধ ও জনপদ মারাত্মক হুমকির মুখে পড়ছিল। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় সংবাদকর্মীদের কাছে এই অভিযানের সত্যতা নিশ্চিত করে প্রশাসন জানিয়েছে, পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক