নাটোরের লালপুর উপজেলার কৃতী সন্তান, মহান মুক্তিযুদ্ধের একাত্তরের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তাঁর এই প্রয়াণে দেশের সাহিত্য অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গ্রিন লাইফ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানেই চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের শিশুসাহিত্য একটি অভিভাবকহীন সময় পার করছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
উল্লেখ্য, আখতার হুসেন তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে বহু শিশুতোষ গ্রন্থ রচনা করে পাঠকদের মন জয় করেছেন। বিশেষ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা জাতি সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক হিসেবে তিনি মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কারসহ তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য বহু সম্মাননা লাভ করেছেন। তাঁর মরদেহ দাফন ও জানাজার বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পরিবার সূত্রে গণমাধ্যমকে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক