সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিটনেস বিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মেগা ইভেন্ট সাস্ট হাফ ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে খেলাধুলা ও শরীরচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
শনিবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে এর উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফলুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ শরীর ও মনের জন্য নিয়মিত শারীরিক কসরত অত্যন্ত জরুরি। আজকের তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ম্যারাথুনের মতো ইতিবাচক কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করতে হবে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক অবসাদ দূর করতে এবং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাস্ট ফিটনেস ক্লাবের মডারেটর এবং আয়োজক কমিটির সদস্যরা। অতিথিরা ম্যারাথনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং সফলভাবে ইভেন্ট সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এই হাফ ম্যারাথনে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নিবন্ধন করতে পারছেন। ম্যারাথনটি বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবং এতে দেশের বিভিন্ন প্রান্তের রানাররা অংশ নেবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে এই ম্যারাথন ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক