লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন বাজারে কৃষকদের অধিকার রক্ষা এবং সারের কৃত্রিম সংকট রোধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার বিভিন্ন সারের দোকানে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি বিশেষ গোডাউন থেকে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।
অভিযানের একপর্যায়ে দক্ষিণ চরবংশী ইউনিয়নের কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি সদস্যের ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে মজুত করা ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। কৃষকদের মাঝে সার বিতরণে অনিয়ম ও কালোবাজারির অভিযোগে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় প্রশাসন।
স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, একটি চক্র সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তা বিক্রি করছে। এই অভিযানের ফলে সাধারণ কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কৃষকদের স্বার্থবিরোধী এ ধরনের কার্যক্রমে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক