লাউডস্পিকার থেকে ভেসে আসছে কানফাটা ডান্স মিউজিকের শব্দ। চারপাশের পরিবেশ দেখলে যে কারো মনে হতে পারে ভুল করে কোনো নাইটক্লাব ঢুকে পড়েছেন কিংবা উৎসবের আয়োজন চলছে। তবে স্থানটি কোনো নাইটক্লাব নয়, ম্যানচেস্টার সিটির বিখ্যাত ইতিহাদ কমপ্লেক্স। ঐতিহ্যবাহী ফুটবল অনুশীলনের চেনা ছক ভেঙে এক অভিনব ও আনন্দঘন পরিবেশ তৈরি করেছে বর্তমানের অন্যতম সেরা এই ক্লাবটি।
খেলোয়াড়দের মানসিক চাঙ্গা রাখতে এবং তাদের মধ্যে বোঝাপড়া আরও পোক্ত করতে কোচিং স্টাফরা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। আধুনিক ফুটবলের যান্ত্রিক চাপ ও ধকল কাটিয়ে উঠতে এমন সুরের মূর্ছনা খেলোয়াড়দের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান। মাঠের প্রতিটি সেশনে এই মিউজিক থেরাপি খেলোয়াড়দের ক্লান্তি দূর করে নতুন শক্তি জোগাচ্ছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে শুধু শারীরিক সক্ষমতা বা ট্যাকটিক্যাল পস্নানিংই যথেষ্ট নয়, এর পাশাপাশি মানসিক আনন্দ এবং দলের ভেতর রসায়ন তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। ম্যানচেস্টার সিটির এই অভিনব অনুশীলন পদ্ধতি বিশ্বজুড়ে ফুটবল ক্লাবগুলোর নজর কেড়েছে। ট্রফি জয়ের পথে এটি তাদের জন্য একটি নতুন ও কার্যকরী কৌশল হিসেবে প্রমাণিত হতে পারে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক