শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

মৃত ব্যক্তির স্বাক্ষরে মাদরাসায় ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ণ

মৃত্যুর দীর্ঘ পাঁচ বছর পর দাপ্তরিক নথিপত্রে মাদরাসা সভাপতির একটি ‘অলৌকিক’ স্বাক্ষর ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর এই জালিয়াতির ওপর নির্ভর করে ব্যাকডেটে বা পূর্বের তারিখ দেখিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসি দাখিল মাদরাসার কথিত সুপার ইয়ারুল ইসলামের বিরুদ্ধে। এই নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মাদরাসা পরিচালনা কমিটির তৎকালীন সভাপতির মৃত্যুর পর তার স্বাক্ষর জাল করে বিভিন্ন পদে জনবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অথচ মৃত ব্যক্তি কীভাবে মৃত্যুর পাঁচ বছর পর নথিপত্রে স্বাক্ষর করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত সুপার ইয়ারুল ইসলামের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি উঠেছে। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও দুর্নীতি চললেও স্থানীয় একটি মহলের ছত্রছায়ায় পার পেয়ে আসছিলেন অভিযুক্তরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপার সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। তারা বলছেন, শুধুমাত্র এই মাদরাসায় নয়, বিগত স্বৈরাচারী সরকারের আমলের বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের বহু ভুয়া নিয়োগ ও দুর্নীতির ঘটনা ঘটেছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আরও অনেক থলের বেড়াল বেরিয়ে আসবে বলে মনে করছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD