কোনো ধরনের জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষের চরম দুর্ভোগ লাঘবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বিএনপি নেতা আব্দুস ছাত্তার সিকদার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ৬২টি গ্রামীণ সড়ক গত টানা তিন বছর ধরে তিনি সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করে চলেছেন। এলাকার জনজীবন সচল রাখতে তাঁর এই মহতী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে এসব রাস্তায় চলাফেরা করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হতো স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ গ্রামীণ জনপদবাসীকে। মানুষের এই দুর্ভোগ নিজ চোখে দেখে বসে থাকেননি বিএনপি নেতা আব্দুস ছাত্তার সিকদার। নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় তিন শতাধিক মাহিন্দ্র ট্রাকে করে ভাঙা ইট ও খোয়া সংগ্রহ করে তিনি কাঁচা ও জরাজীর্ণ রাস্তাগুলোর খানাখন্দ ভরাট করেন। এর মাধ্যমে অবহেলিত সড়কগুলোকে পুনরায় চলাচলের উপযোগী করে তোলেন তিনি।
এলাকাবাসী গণমাধ্যমকে জানান, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও রাস্তাগুলোর কোনো সংস্কার পাওয়া যায়নি। কিন্তু আব্দুস ছাত্তার সিকদারের এই নিঃস্বার্থ উদ্যোগে আজ বহুরিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বদলে গেছে। তাঁর এই জনকল্যাণমূলক কর্মকাণ্ড কেবল স্থানীয় যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন ঘটায়নি, বরং সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাদের সামনে জনসেবার এক উজ্জ্বল আদর্শ স্থাপন করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক