মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মো. ফয়সাল বড় মহেশখালী মধ্যম ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ বাদশার ছেলে এবং পেশায় একজন সাধারণ দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূর্ব ফকিরাঘোনা এলাকায় ফয়সালকে চোর সন্দেহে আটক করে স্থানীয় কিছু লোক। পরে তাকে একটি খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
নিহত যুবকের পরিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যায়বিচার দাবি করেছে। তারা জানিয়েছেন, ফয়সাল দিনমজুর হিসেবে সততার সঙ্গে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ন্যাক্কারজনক ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। দেশের আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD