মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

মমেক হাসপাতালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ায় হুড়োহুড়িতে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে হাসপাতালের একটি ওয়ার্ডে ধোঁয়া দেখতে পেয়ে রোগীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে রোগীরা এবং তাদের স্বজনরা একযোগে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে হুড়োহুড়িতে অনেকেই নিচে পড়ে যান এবং পদদলিত হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আহতদের উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন।

এই ধরণের দুর্ঘটনা রোধে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অগ্নিঝুঁকি নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি নির্গমন পথগুলোর কার্যকারিতা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ঘটনার পর থেকে পুরো হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD