ফরিদপুরের মধুখালীতে ডোবায় পড়ে ৫ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে উৎস সরকার বাড়ির পাশের একটি ডোবায় পড়ে প্রাণ হারায়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু উৎস সরকার প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে কোন এক সময়ে সে বাড়ির পাশের একটি পানিতে ভর্তি ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুর দাদা সুমিত সরকার গণমাধ্যমকে জানান, সকাল নয়টার দিকে শিশুটি খেলতে খেলতে সবার অজান্তে ডোবার দিকে চলে যায় এবং পানিতে ডুবে তার মৃত্যু হয়। এই আকস্মিক ও বেদনাদায়ক ঘটনায় শিশুটির পরিবারে চলছে মাতম। স্থানীয়রা শিশুটির আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক