শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বাংলা-ইরেজির পাশাপাশি তৃতীয় ভাষা জানা শিক্ষার্থীদের ঋণ দেবে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৫:২৪ pm

বাংলা ও ইংরেজি ছাড়া তৃতীয় ভাষা জানা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, তৃতীয় ভাষাজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ভাষার দেশগুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। শক্তিশালী ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্টআপ চালুর মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে বলেও প্রস্তাবে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD