বরিশাল বিভাগে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪১ জন।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুরা হলেন, বরিশালের বানারীপাড়া উপজেলার নমিতা (৩৫), মুক্তা বণিক (৪৬), বাবুগঞ্জ উপজেলার সুকলা মিস্ত্রি (২০), বরগুনার আমতলী উপজেলার আসমা (৩৩), পিরোজপুরের নাজিরপুর উপজেলার সুলতান (৬৫) ও গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রতীপ (৪৫)। তারা ৬ জনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯ হাজার ৭৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬৬৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১৩২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯৮ জন, ভোলা সদর হাসপাতালে ৯ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর ২ হাসপাতালে ৭ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১০২ জন, পটুয়াখালীতে ৬৯ জন, পিরোজপুরে ৭৪ জন, ভোলায় ৩০ জন, বরগুনায় ৫৮ জন ও ঝালকাঠিতে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৮৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।