শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ণ

বকেয়া বেতন পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা ছাড়াও বিভিন্ন দাবি আদায়ের লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ডেল্টা স্পিনার্স লিমিটেডে তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিগত দুই মাস ধরে সম্পূর্ণ বেতন না পাওয়ায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ন্যায্য অধিকার আদায়ের এসব দাবিতে সাধারণ শ্রমিকরা সড়ক অবরোধসহ নানা কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

গত বৃহস্পতিবার দুপুরের পর থেকেই উপজেলার ব্যস্ততম ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া এলাকায় শত শত শ্রমিক জড়ো হন। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। শ্রমিকদের এই আকস্মিক সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

সাংবাদিকদের বলেছেন আন্দোলনরত শ্রমিকরা, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের নিয়মিত বেতন পরিশোধ করছে না। এর ওপর আবার কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই শ্রমিক ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে, যা তাদের জীবনযাত্রাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির এই সময়ে দুই মাস ধরে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালান। কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD