রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদগুলোতে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের অনুপস্থিতিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান না থাকা এবং দায়িত্বপ্রাপ্ত সচিবের মৃত্যু ও প্রশাসকের নিয়মিত উপস্থিত না থাকায় স্থবির হয়ে পড়েছে দাপ্তরিক কার্যক্রম। অথচ সেবা পাওয়ার আশায় প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন শত শত মানুষ।
সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদের বাইরে অপেক্ষায় রয়েছেন একের পর এক সেবা প্রত্যাশী মানুষ। কারো কলেজে ভর্তি হওয়ার জন্য নাগরিকত্ব সনদ দরকার, কারো প্রয়োজন বাবার মৃত্যুসনদ, আবার কেউ এসেছেন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র নিতে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও সংশ্লিষ্ট কারো দেখা না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। এতে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা গণমাধ্যমকে জানান, অবিলম্বে ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ এবং শূন্য পদগুলো পূরণের ব্যবস্থা করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নাগরিক সেবা স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক