পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এই অমানবিক ঘটনার পর চরম মানসিক আঘাত ও ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছে ওই স্কুলছাত্রী। সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই স্কুলছাত্রী। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে যান তার প্রেমিক। পরবর্তীতে তাকে একটি নিভৃত স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার আকস্মিকতা ও তীব্র মানসিক যন্ত্রণায় ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরে সকলের অগোচরে বিষপান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় জনতা ও স্বজনরা এই নৃশংস ঘটনার সাথে জড়িত যুবকের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
আরববাংলা টিভি/ডেস্ক