শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

নেপালে ভূমিকম্পে ভূমিধস, আহত ১১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ১:৫৭ pm

হিমালয় অঞ্চলের দেশ নেপালে আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে অন্তত ১১ জন আহত হয়েছেন। এই ভূমিকম্পে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে দেশটির পশ্চিমাঞ্চলের একটি জেলায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। এতে সেখানকার প্রধান একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা রমা আচার্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারত সীমান্ত-লাগোয়া নেপালের বাঝাং জেলায় ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্পের পর ভূমিধস হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

দেশটির তালকোট ও চানপুরের ভূগর্ভে উৎপত্তি হওয়া এই জোড়া ভূমিকম্পের আঘাত হানার ব্যবধান ছিল প্রায় ৩০ মিনিট। নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, মঙ্গলবার নেপালের বাঝাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে।

নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে। দিল্লিতে লোকজনকে বাড়িঘর ও অফিস থেকে রাস্তাঘাটে বেরিয়ে আসতে দেখা যায়। তবে ভূমিকম্পে ভারতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

নেপালের পুলিশ কর্মকর্তা ভারত বাহাদুর শাহ বলেন, ভূমিকম্পে সাত নারী ও চারজন পুরুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট আরেকটি ভূমিধসে একজন নারী নিখোঁজ রয়েছেন।

বাঝায় জেলার শীর্ষ কর্মকর্তা নারায়ণ পান্ডে বলেছেন, আহতদের মধ্যে একজন ভূমিকম্পের সময় পড়ে যাওয়া বস্তুর আঘাতে জখম হয়েছেন বলে জানিয়েছেন। জেলার চানপুরে কয়েকটি বাড়ি ধসে পড়েছে।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD