মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুরু বাংলাদেশের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

কাবাডিতে বাংলাদেশ নিজেদের মাটিতে দীর্ঘদিন পর সিরিজ খেলছে। ফেডারেশনের তথ্য মতে, ১৯৭৪ সালের পর আবার কাবাডি সিরিজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ বড় ব্যবধানে জয়লাভ করেছে।

পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল পল্টন ময়দানে বিকাল সাড়ে তিনটায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইতিহাস ও পরিসংখ্যান সব দিক দিয়েই নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কাবাডিতে নেপাল কখনও হারাতে পারেনি বাংলাদেশকে। সেই ধারাবাহিকতা মিজানরা ধরে রাখলো সিরিজের প্রথম ম্যাচ থেকেই। শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশের খেলোয়াড়রা। ২৮-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। বিরতির পরও নেপালকে কোন সুযোগ দেয় নি স্বাগতিকরা।

৫৩-২৯ পয়েন্টে ম্যাচ জিতে লক্ষ্য পূরণের পথে এগিয়ে গেল বাংলাদেশ। নেপালকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার টার্গেট বাংলাদেশের। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান।

পল্টন ময়দানে বিকালে সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এসময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD