সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানান যে, সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সফলভাবে ইস্তাম্বুল পর্ব শেষ করেছেন।

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার পর ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের স্থানীয় সময় অনুযায়ী বিমানবন্দরটিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কূটনৈতিক মহলের মতে, বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বিশেষ করে দেশের অর্থনীতিকে পুনর্গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করা হয়েছিল, তা থেকে উত্তরণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। তার এই যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নিউইয়র্কে পৌঁছালে তাকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও সংবর্ধনা জানানো হবে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD