বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

টেকনাফে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কোস্টগার্ডের নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

বুধবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে কোস্টগার্ডের এমন কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে। মাদকের এই ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে স্থানীয় জনগণের সচেতনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তৎপরতা অত্যন্ত জরুরি বলে মনে করেন সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD