শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৭:২৭ am

ব্যক্তিগত সফরের দ্বিতীয় দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনা দিতে পারেন বলে মনে করছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অংশ নেন প্রধানমন্ত্রী।

মতবিনিময় সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। এদিন বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি থেকে প্রটোকল ভেঙে আধা কিলোমিটার হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন।

এর আগে ছোট বোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে রওনা হয়ে সড়কপথে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছে ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন সরকারপ্রধান। এরপর মাওয়া স্টেশন থেকে থেকে রেলযোগে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫৯ মিনিটে ভাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এরপর তিনি ভাঙ্গা ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জনসভায় বক্তব্য শেষে বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে যান তিনি। সেখানে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD