ঝিনাইদহে আমন মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ দিন দিন তীব্র আকার ধারণ করছে। মূলত সার পাচার, গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্যেই সম্প্রতি শৈলকুপা উপজেলায় কুষ্টিয়া থেকে পাচারের সময় এক টন সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার পর এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।
কৃষি অধ্যুষিত এই অঞ্চলে ভরা আমন মৌসুমে সারের চরম সংকটে দিশাহারা হয়ে পড়েছেন সাধারণ কৃষকরা। কৃষকদের অভিযোগ, অসাধু সার ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট গোপনে সার পাচার ও মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। এর ফলে কৃষকদের অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হতে হচ্ছে, যা তাদের উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশাসনের এমন তদারকি ও অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক সমাজ। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত মনিটরিং বজায় রাখার জোর দাবি জানিয়েছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক