শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

জামালপুর-চট্টগ্রামে চলবে বিজয় এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৭:১৬ am

জামালপুর-চট্টগ্রাম পথে প্রথমবারের মতে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যে এই রুটে অনলাইন ও কাউন্টারের টিকিট বিক্রি শুরু হয়েছে। বিজয় এক্সপ্রেস নামে ট্রেনটি ১ ডিসেম্বর থেকে যাতায়াত করবে।

রোববার (২৬ নভেম্বর) সকাল থেকে অনলাইনে ও কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। নির্ধারিত দিনের ১০ দিন আগে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। তবে নতুন রুট ও আসনবিন্যাস নিয়ে জটিলতা থাকায় টিকিট বিক্রি শুরু হতে কিছুটা দেরি হয়েছে বলে জানা গেছে।

রেলওয়ে স্টেশনে সূত্রে জানা গেছে, জামালপুর রেলস্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত ৭টা ১০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৫টায়। যাত্রাপথে সময় লাগবে ৮ ঘণ্টা ৫৫ মিনিট। এদিকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

ট্রেনটি উভয় পথে যাত্রাবিরতি দেবে পিয়ারপুর, ময়মনসিংহ, গৌরীপুর, আঠারবাড়ি, কিশোরগঞ্জ, সচরাচর, ভৈরব বাজার, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী ও ভাটিয়ারী স্টেশনে।

আন্তঃনগর এই ট্রেনে জামালপুর থেকে চট্টগ্রামে পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি চেয়ারের জন্য ৯৮৯ টাকা, এসি বার্থ ১৪৭৮, শোভন ৮২৩, শোভন চেয়ার ৪৩০ ও ১ম চেয়ার ৬২৮ টাকা। জামালপুর জেলার জন্য এই ট্রেনে ২১৫টি টিকিট বরাদ্দ করা হয়েছে।

জামালপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা (মাস্টার) মো. আসাদ বলেন, অনলাইন ও কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে বিজয় এক্সপ্রেস ট্রেনের। আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেনটি জামালপুর থেকে চলাচল করবে।

উল্লেখ্য, ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেসের যাতায়াত করতো।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD