জামালপুর সদর উপজেলার নান্দিনা পুরাতনপাড়া গ্রামে দশ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনার পর স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ও অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন।
প্রাথমিক তথ্যানুযায়ী, অভিযুক্ত ছানোয়ার হোসেন শিশুটিকে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে লম্পট ছানোয়ার পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী সাহসিকতার পরিচয় দিয়ে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।
ঘটনার পর পরই উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের গলায় জুতার মালা পরিয়ে দেন এবং তাকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থле পৌঁছায় স্থানীয় থানা পুলিশ। পরে বিক্ষুব্ধ জনতা আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা এ ধরনের অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক