ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ৭০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত ২০০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুরও অনুমোদন প্রদান করা হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং দেশের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা আরও একধাপ এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দীর্ঘদিন ধরে এই বিশেষায়িত হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কারণে যথাযথ চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। শয্যা সংখ্যা বৃদ্ধির ফলে এখন আরও বেশি সংখ্যক মানুষ এই হাসপাতালে ভর্তি হয়ে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
বিশেষজ্ঞ মহলের মতে, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতের এই উন্নয়নমূলক পদক্ষেপ সাধারণ মানুষের কষ্ট লাঘবে বড় ধরনের ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবা বিভাগের ওই চিঠিতে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বর্ধিত শয্যাগুলোতে চিকিৎসাসেবা কার্যক্রম পুরোপুরি চালুর প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক