জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব মাহদী আমিন।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কূটনৈতিক মহলের মতে, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক পরিমণ্ডলে দেশের স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিশ্বশান্তি রক্ষা, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি উচ্চপর্যায়ের প্লেনারি ও সাইড ইভেন্টে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন কূটনৈতিক সাফল্য অর্জিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রবাসী বাংলাদেশিরাও নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক