রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ৪৪০ বস্তা সরকারি সার জব্দ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের বা বিএডিসির গোডাউন থেকে বরাদ্দকৃত ৪৪০ বস্তা টিএসপি সার অন্যত্রে সরিয়ে নেওয়ার সময় তা হাতেনাতে জব্দ করেছেন স্থানীয় সচেতন জনতা। রোববার সকালে আলমডাঙ্গা উপজেলা চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে সার বহনকারী ট্রাকটিসহ চালককে আটক করে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। স্থানীয়দের সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপে সরকারি এই সার পাচারের চেষ্টা ব্যর্থ হয়।

কৃষি উৎপাদনের জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে সার বিতরণের কথা থাকলেও একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই সার কালো বাজারে বিক্রির পাঁয়তারা করে আসছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন সকালে বিএডিসির অনুমোদিত গোডাউন থেকে গোপনে ৪৪০ বস্তা টিএসপি সার ট্রাকে লোড করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় কৃষকদের নজরে এলে তারা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ট্রাকটি ঘিরে ফেলেন এবং চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সঠিক কোনো সদুত্তর দিতে না পারায় স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন এবং সারভর্তি ট্রাকটি আটক করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান, জব্দকৃত সারের বৈধ কোনো কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেনি সংশ্লিষ্ট ডিলার বা চালক। ঘটনাটি তদন্ত করে এর সাথে জড়িত মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD