সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

চবি শিক্ষক ওয়াহেদ সাময়িক বরখাস্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার এই সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংঘটিত আন্দোলনকে অবমূল্যায়ন করে ওই শিক্ষক ফেসবুকে বিভিন্ন কুরুচিপূর্ণ ও কটাক্ষমূলক পোস্ট দেন। তার এসব পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলন ও স্মারকলিপি প্রদান করেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে শিক্ষকতা ও যাবতীয় একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী এবং স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শিক্ষকদের এমন বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থীদের দাবি, এই ধরনের শিক্ষক সমাজের নৈতিক অবক্ষয় ঘটানোর পাশাপাশি ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপে ক্যাম্পাসে সাময়িক স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD