চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে মাইক্রোবাসে করে ফিরছিলেন হতাহত ব্যক্তিরা। পথিমধ্যে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা গণমাধ্যমকে জানান। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরববাংলা টিভি/ডেস্ক