ঘুষের বিনিময়ে মামলার চার্জশিট থেকে নাম বাদ দিয়ে মাদক মামলার একজন আসামিকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অর্থাত ডিএনসির রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী ও সংক্ষুব্ধ লোকজন গত মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
সাংবাদিকদের কাছে পাঠানো তথ্য অনুযায়ী, একটি প্রভাবশালী চক্রের যোগসাজশে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অনিয়ম করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া জরুরি। ভুক্তভোগীরা আশা প্রকাশ করেছেন যে, প্রশাসনের উচ্চপর্যায় থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক