পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি এলাকায় বেড়িবাঁধের স্লোপ দখল করে আবারও অবাধে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে চলা এই অবৈধ দখলের ফলে উপকূলীয় এলাকার সুরক্ষা বেড়িবাঁধ চরম ঝুঁকির মুখে পড়েছে।
ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় ছোট-বড় অন্তত দুই শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। ধোলাই মার্কেট এলাকায় বন বিভাগের সৃজিত সংরক্ষিত বনের জমি দখল করে পাকা ও আধাপাকা দোকানপাট তোলার কাজ চলছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ করা না হলে কুয়াকাটা সমুদ্র সৈকত ও আশপাশের জনপদ মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়বে।
পরিবেশবাদীরা বলছেন, দীর্ঘদিন ধরে কার্যকর তদারকির অভাবে এক শ্রেণির অসাধু চক্র কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করছে। ইতিপূর্বে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এই অবৈধ দখলদারিত্ব আরও প্রশ্রয় পেয়েছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
সাংবাদিকদের কাছে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই অভিযান চালিয়ে সরকারি জমি ও বেড়িবাঁধের স্লোপ উদ্ধার করা হবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক