কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে এ সংঘর্ষ হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা কলেজের সামনে সমাবেশের জন্য জড়ো হচ্ছিলেন। অকস্মাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় তারা ছত্রভঙ্গ হয়ে ক্যাম্পাসের আশপাশে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা সংগঠিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হামলায় জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান নেতৃত্ব দেন বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন।
সংঘর্ষে দু’পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো কলেজ ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। তবে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। বেলা ১টা নাগাদ ওই এলাকায় থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলেছে। এ সংঘর্ষে ঠিক কতজন আহত হয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।