সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

কালুরঘাট সেতুতে লাইটার জাহাজের ধাক্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে একটি লাইটার জাহাজের ধাক্কা লেগেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে সেতুর মাঝামাঝি স্থানে এমভি সামুদা-১ নামে জাহাজটি ধাক্কা দেয়। খবর পেয়ে পূর্বাঞ্চল রেলওয়ে এবং নৌ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের একটি ডক ইয়ার্ড থেকে তীব্র বাতাস এবং প্রবল স্রোতের কারণ জাহাজটি ভেসে আসে। একপর্যায়ে এটি কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়ে আটকে যায়।

চট্টগ্রাম নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, সেতু থেকে প্রায় আধা কিলোমিটার দূরে জাহাজটিকে একটি ডক ইয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। এটি ঘুরানোর সময় তীব্র বাতাস আর জোয়ারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর জাহাজটি কালুরঘাট সেতুতে ধাক্কা দেয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, আমরা সেতুটি পরিদর্শন করে দেখছি। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

জানা গেছে, কালুরঘাট রেলওয়ে সেতু ১৯৩০ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মাণ করে ব্রুনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওড়া। পরে ১৯৬২ সালে ওই সেতুর উপর দিয়েই সড়ক পথের যান চলাচল শুরু হয়। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন চালুর আগে থেকে সেতুটিতে সংস্কার কাজ শুরু হয়। এখনো সংস্কার কাজ চলছে। বর্তমানে কম গতিতে ট্রেন চলাচল করলেও সেতু দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার ৬৩৮ মিটার সেতুটি এর আগে দুইবার সংস্কার করা হয়েছিল। ২০০১ সালে এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ২০১১ সালে সেতুটিকে চুয়েটের একদল গবেষক আরও একবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD