সিলেটের ওসমানীনগরে বাকিতে চা ও খাবার খাওয়ার বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে একটি চায়ের দোকানে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে এলাকার কিছু বখাটে যুবক দোকানে বাকিতে কেনাকাটা করে আসছিল। গতকাল দোকানদার বকেয়া টাকা পরিশোধের তাগাদা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ক্যাবাক্স ভেঙে নগদ টাকা লুট করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী দোকানদার মো. রুহুল ইসলাম বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়রা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, অভিযুক্তপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। গণমাধ্যমকে তারা জানিয়েছেন, বকেয়া টাকা চাওয়ার জের ধরে কোনো ধরনের হামলা, ভাঙচুর বা লুটপাটের মতো কোনো অপ্রীতিকর ঘটনাই ঘটেনি। তাদের দাবি, মূলত দোকানদারের সাথে একটি ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা পরবর্তীতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন উভয় পক্ষের বক্তব্য শুনে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক