স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় স্পেনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থনে স্পেনকে পাশে চেয়েছে বাংলাদেশ।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা। এ সময় এই সমর্থন চাওয়া হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও স্পেনের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন), রেলওয়ে, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করতে নিয়মিত দ্বিপক্ষীয় পরামর্শ সভা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় স্পেনের রাষ্ট্রদূত ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।
প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়ে সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্বের ওপর জোর দেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন।
এ ছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। তারা শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।