তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও তার স্ত্রী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া এক বিশেষ নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সাফল্য ও পারস্পরিক বন্ধুত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নতুন নেতৃত্ব ও সরকারের নীতি নিয়ে বিশ্বনেতাদের মাঝে ইতিবাচক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বুধবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক ফোরামের সাইডলাইনে এই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন। নৈশভোজের ফাঁ প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জোরালো ভূমিকা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন তিনি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক যোগাযোগ ও নৈশভোজে অংশগ্রহণ বৈশ্বিক দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। এর মাধ্যমে তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে এবং এই কূটনৈতিক সফর দেশের অর্থনীতি ও রাজনীতিতে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি