রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ

এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বাবলুর রহমান (৫০) নামের স্থানীয় এক যুবলীগ নেতা। বুধবার (২৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার বাজার এলাকায় কয়েকশ মানুষের সামনে তিনি এ ঘটনা ঘটান।

বাবলুর রহমান উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ধর্মপুর এলাকার হোসেন আলীর ছেলে।

বাবলুর রহমান জানান, ২১ বছর ধরে রাজনীতি করেও ভালো কোনো পদ না পাওয়ার ক্ষোভে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যুবলীগ করে আসছি। কিন্তু এরপরেও দল আমাকে মূল্যায়ন করেনি। তাই এই দল ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি, আমি আর রাজনীতি করব না। এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতি করে থাকি, তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করে দিবেন। নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।

২১ নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মণ বলেন, তিনি এক সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বহিষ্কৃত। তার ব্যাপারে নারী ঘটিত বেশ কিছু অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মণ নির্মল বলেন, বাবলুর রহমান দুধ দিয়ে গোসল করেছে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD