কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দ করা কক্ষে উইপোকার তীব্র উপদ্রবের কারণে সেখানে রাত্রিযাপন না করেই মধ্যরাতে সার্কিট হাউস ছেড়ে চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভিআইপিদের জন্য নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ সরকারি আবাসে এমন অব্যবস্থাপনা কীভাবে থাকল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ও স্থানীয় জনগণ।
গত রাতে নির্ধারিত সূচি অনুযায়ী সার্কিট হাউসে পৌঁছান ওই সংসদ সদস্য। কিন্তু তার জন্য নির্ধারিত ভিআইপি কক্ষে প্রবেশ করার পরপরই চোখে পড়ে আসবাবপত্র এবং বিছানায় উইপোকার রাজত্ব। বিষয়টি তাৎক্ষণিকভাবে সার্কিট হাউসের দায়িত্বে থাকা দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের নজরে আনা হয়। কিন্তু গভীর রাত হয়ে যাওয়ায় এবং সেখানে থাকার মতো উপযোগী পরিবেশ না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে অন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে চরম অসন্তোষ প্রকাশ করেন এবং সার্কিট হাউস ত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরে তিনি রাতেই অন্য একটি নিরাপদ স্থানে চলে যান।
স্থানীয় গণমাধ্যমকে জানান, একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসমূহ রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, তাদের এমন চরম উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন জনপ্রতিনিধি ও ভিআইপি অতিথির জন্য নির্ধারিত কক্ষে যদি এই পরিস্থিতি বিরাজ করে, তবে সাধারণ কক্ষগুলোর কী হাল, তা সহজেই অনুমেয়। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়িত্ব অবহেলার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাসহ সাধারণ মানুষ।
আরববাংলা টিভি/ডেস্ক