ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয়েছে বলে ইরানের সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তি ইরানের সাবেক পারমাণবিক কর্মী। দেশটির সংবাদমাধ্যম বলেছে, ওই ব্যক্তি রাষ্ট্রের একটি সংবেদনশীল সংস্থার ‘প্যাসিভ ডিফেন্স’ কমিটিতে কর্মরত ছিলেন এবং মোসাদের এক কর্মকর্তার সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল।
এর আগে মঙ্গলবার, গত জানুয়ারির আন্দোলনের সঙ্গে জড়িত আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। তার বিরুদ্ধেও মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছিল।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে এক ডজনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, বিদেশ থেকে পরিচালিত বিরোধী দল মুজাহিদিন-ই খালক অর্গানাইজেশনের সদস্য হওয়া অথবা জানুয়ারির অস্থিতিশীলতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে, আরও আটজন নারীর মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করা হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অস্বীকার করেছে দেশটির বিচার বিভাগ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নারীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ইরানের বিচার বিভাগের পরিচালিত বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সি বলেছে, শত্রুভাবাপন্ন বিরোধী সংবাদমাধ্যমের ছড়ানো ভুয়া খবর দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিভ্রান্ত করা হয়েছে। কারণ ওই নারীদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে মুক্তি পেয়েছেন এবং অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ মৃত্যুদণ্ডযোগ্য নয়।
সূত্র: এএফপি।