শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ইরান দ্বন্দ্ব : জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬ ১২:২৪ pm

ইরান ইস্যুতে দ্বন্দ্বের জেরে ন্যাটো জোটসঙ্গী জার্মানি থেকে নিজেদের ৫ হাজার সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগরই এই প্রত্যাহর শুরু হবে বলে শুক্রবার এক ঘোষণায় জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।

গত সোমবার এক অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎস বলেছিলেন, দুই মাস ধরে চলা যুদ্ধ শেষ করার আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে অপমান করেছে এবং এই যুদ্ধ থেকে কীভাবে, কোন কৌশলে বের হতে হবে— তা বুঝতে পারছে না ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ ব্যাপারে রয়টার্সকে বলেন, “জার্মানির চ্যান্সেলরের এই বক্তব্য অনুচিত এবং অসহযোগিতাপরায়ন। (সেনা প্রত্যাহারের মধ্যে দিয়ে) আমাদের প্রেসিডেন্ট এ ধরনের নেতিবাচক অনুৎপাদনশীল কথাবার্তার যথাযথ প্রতিক্রিয়া জানাচ্ছেন।”

তিনি আরও জানান, আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে সম্পন্ন হবে এই প্রত্যাহার প্রক্রিয়া।

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সবচেয়ে বেশি। ইউরোপের অন্যতম বৃহৎ এ দেশটিতে প্রায় ৫০টি সেনাঘাঁটি ও সামরিক স্থাপনা রয়েছে যুক্তরাষ্ট্রের; আর এসব ঘাঁটি ও সামরিক স্থাপনায় রয়েছেন প্রায় ৩৫ হাজার মার্কিন সেনা। ইউরোপের আর কোনো দেশে যুক্তরাষ্টের এত সামরিক ঘাঁটি ও সেনাসদ্য নেই।

পেন্টাগনের ওই কর্মকর্তা বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর জার্মানির অনুরোধে দেশটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ৫ হাজার সেনা প্রত্যাহার করে নিলে জার্মানির মার্কিন ঘাঁটিগুলোতে সেনাদের উপস্থিতি আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে।

উল্লেখ্য, ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর থেকেই বাণিজ্য ঘাটতি, শুল্ক, গ্রিনল্যান্ড দ্বীপের দখলসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন শুরু কয়েছে ইউরোপের। এই টানাপোড়েনের সর্বশেষ ইস্যু হিসেবে হাজির হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ।

বিজ্ঞাপন

ট্রাম্পের অভিযোগ— ইউরোপ এবং ন্যাটোর মিত্ররা এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘পাশে দাঁড়ায়নি’। অন্যদিকে ইউরোপের নেতারা জানিয়েছেন, তারা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বন্দ্ব আলোচনা ও কূটনৈতিক পন্থায় সমাধানে বিশ্বাসী।

ইরান ইস্যুতে এর আগে স্পেন ও ইতালির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত মাসে স্পেনকে হুমকি দিয়ে তিনি বলেছেন, শিগগরই মাদ্রিদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করতে পারে ওয়াশিংটন। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সমালোচনা করে তিনি বলেছেন, মেলোনিকে ‘সাহসী’ সরকারপ্রধান ভাবতেন তিনি। এই দ্বন্দ্বে সর্বশেষ যুক্ত হলো জার্মানি।

গতকাল শুক্রবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন জার্মানির মতো স্পেন ও ইতালি থেকেও তিনি সেনা প্রত্যাহার করবেন কি-না। জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত করব।’

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD