সৌদি থেকে তেল বোঝাই করে ভারত ও চীনের দিকে রওনা দেওয়া দুটি তেলবাহী ট্যাংকার ঘুরে গেছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুমকি দেয় লোহিত সাগরের বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ আসলে হামলা চালানো হবে। এরপর এ দুটি জাহাজ আর বাব এল মান্দেবের দিকে আসেনি। এগুলো ইউটার্ন নিয়ে মিসরের সুয়েজ খালের দিকে চলে গেছে।
গতকাল সোমবার (২০ জুলাই) হুতি বিদ্রোহীরা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না। এরপরই জাহাজ ঘুরে যাওয়ার ঘটনা ঘটল।
রয়টার্স জানিয়েছে, হুতিদের হুমকির পর সৌদির তেলবাহী ট্যাংকারগুলো আর এদিকে আসার সাহস করেনি। এর বদলে এগুলো লোহিত সাগরের অপর পাশ সুয়েজ খালের দিকে গেছে।
বার্তাসংস্থাটি বলেছে, ট্যাংকার দুটির নাম শিন লং ইয়াং এবং দ্য রোডোস। এই দুটি ট্যাংকারের ইউ টার্ন নেওয়ার অর্থ হলো বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে বিঘ্ন ঘটতে পারে। যা বিশ্ববাজারকে আরও অস্থিতিশীল করে দেবে। কারণ তেল পরিবহনের আরেক বড় রুট হরমুজ প্রণালি ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে অকার্যকর হয়ে আছে।
হুতি বিদ্রোহীরা সৌদির ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে তেলের দাম বেড়ে চলছে। যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হুতিরা রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করে। যারমধ্যে বাব এল মান্দেবও আছে। এই প্রণালিটি লোহিত সাগরের প্রবেশদ্বার।
হরমুজ বন্ধ হওয়ার পর থেকে সৌদি আরব তাদের লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছিল।
সূত্র: রয়টার্স