ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন শতাধিক ঘরবাড়ি। এতে অন্তত ৬২০ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মঙ্গলবার (২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘অন্তরা নিউজ’ জানায়, সোমবার গভীর রাতে মধ্য জাকার্তার কেমায়োরান এলাকার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সেন্ট্রাল জাকার্তা ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান শরিফুদ্দিন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি ব্লকের প্রায় ৩৩০টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “সব মিলিয়ে প্রায় ৬২০ জন মানুষ তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন।”
দমকল বাহিনী জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছিল। সরু ও যানজটপূর্ণ রাস্তা, উৎসুক জনতার ভিড় এবং আগুন লাগার পর বাসিন্দাদের নিজেদের মালামাল উদ্ধারের মরিয়া চেষ্টার কারণে দমকলকর্মীদের উদ্ধারকাজ ব্যাহত হয়।
পরবর্তীতে দমকল বাহিনীর ৩৫টি ইউনিট এবং ১৭৫ জন কর্মীর কয়েক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।