সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে ৪৭ রানে চার উইকেট হারিয়ে বড় চাপে পড়েছিল বাংলাদেশ। এরপর দুই অভিজ্ঞ ব্যাটার অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দারুণভাবে সামাল দেন। বাংলাদেশের বড় দুরবস্থায় মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান।
দলের চাপ উতরে ইনিংস মেরামত করতে রেখেছেন কার্যকরী ভূমিকা। নিয়মিত বাউন্ডারি মেরে রানের গতি সচল রেখে নিজেও তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ৫৩ বলে অর্ধশতক স্পর্শ করেন অধিনায়ক। যেখানে ৭টি চার মেরেছেন তিনি। ফিফটি করেই আউট হয়ে যান শাকিব। আউট হওয়ার আগে ৫৭ বলে ৫৩ রান করেন তিনি। মুশফিকুর রহিমও অর্ধশতক রান তুলে নিয়েছেন। তিনি ৭১ বলে ৫০ রান নিয়ে ব্যাট করছেন। ক্রিজে তার সঙ্গে আছেন আফিফ হোসেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৩০.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে।
পাকিস্তানের বিরুদ্ধে মাত্র একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে টাইগাররা। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সাফল্য এখন পর্যন্ত শূন্য। এখনও পর্যন্ত ১১টি ওয়ানডে, ৫টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোই হেরেছে টাইগাররা। এশিয়া কাপে এবার সেই খরা কাটাতে চায় বাংলাদেশ। তবে শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফকে নিয়ে গড়া তাদের দুর্ধর্ষ পেস আক্রমণ সামলানোই হবে টাইগারদের মূল চ্যালেঞ্জ।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।