বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে প্রস্তুত হচ্ছে মঞ্চ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ

মাত্র কয়েক ঘণ্টা পরেই রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাই রাত থেকেই চলছে প্রস্তুতি, তৈরি হচ্ছে মঞ্চ।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত ১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘুরে মঞ্চ তৈরি করতে দেখা গেছে।

সেখানে দেখা যায়, কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বাঁশ বেঁধে মঞ্চ তৈরির কাজ করছেন কয়েকজন কর্মী। বাঁশের ওপর রাখা হয়েছে কাঠের পাটাতন। পেছনে ব্যানার টানানোর জায়গাও বাঁশ দিয়ে প্রস্তুত করা হচ্ছে। এছাড়া পিকআপ ভ্যানে আনা হচ্ছে চেয়ার।

এর আগে মঙ্গলবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৭ আগস্ট) সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন নাকি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে ভার্চুয়ালিই যুক্ত থেকে বক্তব্য রাখবেন তারেক রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারেক রহমান ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD