কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পরই পদত্যাগের ঘোষণা দেন কোচ তিতে। এরপর থেকে এখনও পর্যন্ত একজন পূর্ণাঙ্গ কোচ নিয়োগ দিতে পারেনি ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
বিপরীতে অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকেও বরখাস্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মূলত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবলকে ‘না’ করে দেয়ার পরই এই ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে দিনিজতে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বিবৃতিতে বলা হয়েছে, সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ এরই মধ্যে বরখাস্ত করার বিষয়ে দিনিজকে জানিয়ে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন এই কোচকে বলা হয়েছে, একজন পূর্ণাঙ্গ কোচ খোঁজার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
দিনিজকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে সিবিএফ জানায়, ফার্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরুজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফার্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাচ্ছি।
ব্রাজিল ফুটবল ফেডারেশন এতো দিন আশায় ছিল ২০২৪ সালের মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির মেয়াদ শেষ হলে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেবে। এ ভরসায় গত জুলাইতে ফার্নান্দো দিনিজের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চুক্তি করে নিয়েছিল সিবিএফ। কিন্তু গত সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তিতে আবদ্ধ হন আনচেলত্তি।
ফলে, এই ইতালিয়ান কোচ যে আর ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন না এটা পুরোপুরি নিশ্চিত। তাই এখনই নতুন কোচ খুঁজতে শুরু করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
দিনিজের অধীনে শুরুটা ভাল করলেও তা ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সেলেসাওরা খেলেছে ৬ ম্যাচ। এর মাঝে তারা জিতেছে মোটে দুই ম্যাচ। একও ড্র এর সঙ্গে আছে তিন হার। পয়েন্ট তালিকাতেও সুবিধাজনক অবস্থায় নেই ব্রাজিল। তারা বর্তমানে আছে ষষ্ঠ অবস্থানে। দিনিজের অধীনে ৬ ম্যাচে ব্রাজিল দিয়েছে ৮ গোল আর হজম করেছে ৭টি। রক্ষণের দুর্বলতাই যে দিনিজের অবস্থান নড়বড়ে করেছে সেটাই অনেকটা স্পষ্ট। সবকিছু মিলিয়ে আর কোচের পদ টেকাতে পারেননি দিনিজ।