শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

যে কারণে জাপা মহাসচিবের পোস্টারে ‘আ. লীগ সমর্থিত’ লেখা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ২:০৭ am

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টারে লেখা আছে ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী।’ পোস্টারটি শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হাসাহাসি করছে। অনেকেই বলছেন, সংসদের তথাকথিত বিরোধী দল।

এ বিষয়ে জানতে শুক্রবার রাতে জাপা মহাসচিবের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এই পোস্টার আমি লাগাইনি কিংবা এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৩ আসনের (করিমগঞ্জ ও তাড়াইল) কিছু আওয়ামী লীগ সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এই পোস্টার বানিয়েছেন ও এলাকার বিভিন্ন জায়গায় সাঁটিয়েছেন।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমি এই এলাকার একাধিক বারের সংসদ সদস্য। গত নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকেরা আমার পক্ষে প্রচারণা চালিয়েছে। এবারও যেহেতু আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে মানুষ মনে করছে জাপা প্রার্থী আর আওয়ামী লীগের প্রার্থী একই। আমি ইতোমধ্যে তাদের পোস্টারগুলো নামিয়ে ফেলতে অনুরোধ করেছি।’

এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও এই পোস্টার নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তারা কার্যত দুই ভাগে বিভক্ত। একটা অংশ মনে করছে, যেহেতু জাপার সঙ্গে আওয়ামী লীগের কোনো জোট নেই সুতরাং জাপা মহাসচিব এ ধরনের পোস্টার লাগাতে পারেন না। অন্যপক্ষ মনে করছে যেহেতু জাপার সঙ্গে সমঝোতা হয়েছে এবং আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে তাই এ ধরনের পোস্টার লাগানোর মধ্যে কোনো সমস্যা নেই।

কিশোরগঞ্জ-৩ আসনে এবার মনোনয়ন পেয়েছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। পরে জাপার সঙ্গে সমঝোতা হলে দলীয় নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে নাসিরুল ইসলাম খান একটি গণমাধ্যমকে বলেন, ‘জাপার সঙ্গে সমঝোতা হওয়ায় এ আসনে ছাড় দেওয়া হয়েছে। তাই বলে তাকে সমর্থন দেওয়া হয়নি। তিনি পোস্টারে ‘আওয়ামী লীগ সমর্থিত’ লিখে ঠিক করেননি।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD